Published : 01 Mar 2026, 09:22 PM
ভারতীয় হাই কমিশনার সাক্ষাৎ করে আসার পর একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।
রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
দুপুরে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার যান তার সঙ্গে সাক্ষাৎ করতে।
সন্ধ্যার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন ইমরান হায়দার। তবে এটিকে সৌজন্যে সাক্ষাৎ বলছে মন্ত্রণালয়।
তাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুই দেশের মধ্যে ‘সেইফ সিটি’ বাস্তবায়ন ও ডাটাবেজ রেজিস্ট্রেশন বিষয়ক সহযোগিতা, সন্ত্রাস দমন ও দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর, অপরাধী বা বন্দি বিনিময়, ড্রোন খাতে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।”
বৈঠকের শুরুতে মন্ত্রী পাকিস্তানের হাই কমিশনারকে স্বাগত জানান। হাই কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সামনে এলে আলোচনার বিষয়বস্তু জানতে চান সাংবাদিকরা।
তখন মন্ত্রী বলেছিলেন, “কিছুক্ষণ পরেই পাকিস্তানের হাই কমিশনারের সাথে সাক্ষাত হবে, একদিনে ভারত-পাকিস্তান এক সাথেই নিউজ দিয়েন।”
পরে মন্ত্রী ভারতীয় হাই কমিশনারের তার কী আলোচনা হয়েছে সে বিষয়ে ব্রিফিং করেন।