১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে: আসিফ নজরুল

“চিকিৎসা পুনর্বাসনে কোনোরকম আমাদের ঘাটতি থাকবে না,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 06:32 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসায় প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনার কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

যদি প্রয়োজন হয়, আহত শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর কথাও বলেছেন তিনি।

সোমবার বিকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধদের খোঁজখবর নিতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ যুদ্ধ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে; দগ্ধ ও আহত হয়েছে অর্ধশতাধিক। তাদের বেশির ভাগই শিক্ষার্থী।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “বার্ন ইনস্টিটিউট থেকে জানিয়েছে, চিকিৎসার প্রয়োজনে যত কিছু দরকার তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন।”

তিনি বলেন, “চিকিৎসা পুনর্বাসনে কোনোরকম আমাদের ঘাটতি থাকবে না। কিন্তু কোনোকিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি, সেটা শোক পূরণ করার মতো না।

“প্রধান উপদেষ্টা বার বার খোঁজ নিচ্ছেন। যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করবো।

“এই বিয়োগান্তক ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটল অবশ্যই আমরা তদন্ত করে দেখবো। এ ব্যপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার নেব।”

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান ৭০ জনের বেশি আহত শিক্ষার্থী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্য দিয়েছেন।

এছাড়া বিভিন্ন হাসপাতালে মৃত অবস্থায় ১৬ জনকে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “সিএমএইচে মৃত অবস্থায় আনা হয়েছে ১১ জনকে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুইজনকে, বার্ন ইনস্টিটিউটে একজনকে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরে একজনের মৃত্যু হয়েছে।”

বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা ঝুঁকির মুখে তুলে ধরে তিনি বলেন, “এরমধ্যে বড় অংশ শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে বেশকিছু সময় লাগবে তাদের ঝুঁকির মাত্রা নির্ধারণ করতে।”

রক্তদানে আগ্রহীদের মঙ্গলবার সকাল ৮টায় হাসপাতালগুলোতে যোগাযোগ করার কথা জানিয়ে বিশেষ সহকারী বলেন, “বার্ন রোগীর ক্ষেত্রে প্রধান হুমকি সংক্রমণ, দয়া করে হাসপাতালের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন।”