১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বংশালে সড়কে জমে থাকা পানিতে ‘বিদ্যুতায়িত হয়ে’ যুবকের মৃত্যু

“সাইকেলসহ পানিতে পড়ে গেলে স্থানীয় কয়েকজন আমিনকে বাঁশ দিয়ে টেনে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 12:52 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

ঢাকার বংশালের নাজিরা বাজার চৌরাস্তায় জমে থাকা ‘বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে’ এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

মো. আমিন নামে ৩০ বছর বয়সী ওই যুবক সাইকেল চালিয়ে যাচ্ছিলেন; তিনি স্থানীয় একটি বেকারির কর্মচারী ছিলেন। আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়, তার বাবার নাম মো. বাদশা মিয়া।

বংশাল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনার পর স্থানীয়রা আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর পৌনে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তবে ঘটনাস্থলে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে রয়েছে কী না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারীদের বরাতে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “সাইকেল নিয়ে নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। বৃষ্টিতে রাস্তায় পানি জমে ছিল। চলা অবস্থায় সাইকেলসহ পানিতে পড়ে গেলে স্থানীয় কয়েকজন তাকে বাঁশ দিয়ে টেনে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থলের পাশেই একটি বিদ্যুতের খুঁটি রয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে খুঁটি থেকে নাকি অন্য কোনভাবে বিদ্যুতায়িত হয়েছেন ওই যুবক, সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশের এই কর্মকর্তা।

ময়নাতদন্তের জন্য আমিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।