Published : 23 Jul 2026, 05:21 PM
কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে চার বছর মেয়াদি ‘চাইল্ড, নট ব্রাইড’ প্রকল্পের আওতায় ৭৬টি যুব সংগঠনের সক্ষমতা বাড়ান হয়েছে; এর মধ্যে ৭৩টি সংগঠন যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত হয়েছে।
প্রকল্পটির সমাপনী উপলক্ষে বুধবার কুড়িগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয় বলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নরওয়েজিয়ান স্টেট ব্রডকাস্টিং করপোরেশনের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আরডিআরএস বাংলাদেশ ও এমজেএসকেএস যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
কুড়িগ্রামের ৯ উপজেলার ৭৬টি ইউনিয়ন ও পৌরসভায় পরিচালিত এ প্রকল্পে কিশোর-কিশোরী ও যুবদের নেতৃত্ব বিকাশ, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্বাস্থ্য ও অধিকারবিষয়ক তথ্য ও সেবায় প্রবেশাধিকার বাড়াতে কাজ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫২টি ইয়ুথ ইকোনমিক এমপাওয়ারমেন্ট গ্রুপের মাধ্যমে ৩ হাজার ৬৭৫ জন যুবক ও তরুণী আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডের সহযোগিতায় তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় ৫৮টি ‘অ্যাডোলেসেন্ট সেফ স্পেস’ গড়ে তোলা হয়; যেখানে কিশোর-কিশোরীরা স্বাস্থ্য ও অধিকার, নেতৃত্ব এবং জীবনদক্ষতা বিষয়ে জানার সুযোগ পেয়েছে। ‘গার্লস আউট লাউড’ ডিজিটাল প্ল্যাটফর্ম ও পিয়ার এডুকেশন কার্যক্রমের মাধ্যমেও তাদের স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যৎ বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করা হয়েছে।
প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক নজির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের কুড়িগ্রামের উপপরিচালক আব্দুর রশিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রাণী, আরডিআরএস বাংলাদেশের টিম লিডার রাশেদুল আরেফিন, এমজেএসকেএসের নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এসআরএইচআর উপদেষ্টা সৈয়দ নূরউদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক ম্যাথিল্ডা মেন্ডেস।