২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

৭৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করবে দুদক

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মামলার অনুমোদনের এ তথ্য জানিয়েছেন।

৭৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করবে দুদক
জাহাঙ্গীর আলম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 02:18 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের অনুমোদনের এ তথ্য জানিয়েছেন।

মামলায় জাহাঙ্গীর আলম ছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াও আসামির তালিকায় আছেন।  

দুদকের অভিযোগে বলা হয়েছে, আসামিরা সিটি করপোরেশনে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। 

মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম বরখাস্ত হওয়ার সাত মাস পর তার বিরুদ্ধে এই অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। সে সময় বলা হয়, জাহাঙ্গীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, সিটি করপোরেশনের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং সেখান থেকে অর্থ উত্তোলন করেন।

এছাড়া ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ে, ওই ভুয়া অ্যাকাউন্টে সিটি করপোরেশনের নামে কয়েক কোটি টাকা জমা ও উত্তোলন করে জাহাঙ্গীর আলম তা আত্মসাৎ করেন বলেও দুদক জানিয়েছে। 

২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে একটি ঘরোয়া আলোচনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

আওয়ামী লীগের একটি অংশের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে মেয়রের দলীয় সদস্যপদ কেড়ে নেয় আওয়ামী লীগ। তারপর বরখাস্ত হন মেয়র পদ থেকেও।