এদেশের মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ: হাই কোর্ট
“সরকার যেহেতু ব্যবস্থা নিচ্ছে, সেখানে কোর্ট তো হস্তক্ষেপ করবে না; সরকারের নিষ্ক্রিয়তা থাকলে তখন কোর্ট হস্তক্ষেপ করে,” বলেন আসাদ উদ্দিন।
বাংলাদেশের সব ধর্মের মানুষের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ মন্তব্য করে হাই কোর্টের এক বিচারক বলেছেন, মানুষে মানুষে শ্রদ্ধা-ভালোবাসা কখনও নষ্ট হবে না।
বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন নিষিদ্ধের দাবিতে একটি রিট আবেদনের শুনানিকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ থেকে এ মন্তব্য আসে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান বুধবার এই বেঞ্চে ইসকন নিষিদ্ধ চেয়ে আবেদনটি করেন। চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির আর্জিও তিনি জানান।
আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষের মতামত জানতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠায় আদালত। পরে এক দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়।
শুনানির শুরুতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন অ্যাটর্নি জেনারেলের পক্ষে আদালতকে সরকারের নেওয়া পদক্ষেপের তথ্যগুলো তুলে ধরেন।
তিনি কোর্টকে জানান, এ ঘটনায় সরকারের অবস্থান ‘কঠোর’। এ পর্যন্ত এ ঘটনায় তিনটি মামলা হয়েছে, একটিতে ১৩ জন, একটিতে ১৪ জন এবং আরেকটিতে ৪৯ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি দেখে আরও ছয় জনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ তৎপর আছে। জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে।
আসাদ উদ্দিন বলেন, কেবল চট্টগ্রাম নয়, অন্যান্য স্থানেও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে ‘টপ প্রায়োরিটি’ দিয়ে কাজ করছে।
জ্যেষ্ঠ বিচারক বলেন, জনগণের জানমালের যেন আর কোনো ক্ষতি না হয়।
এক পর্যায়ে রিট আবেদনকারী মনিরুজ্জামান তার মোবাইল ফোন থেকে একটি ছবি কোর্টকে দেখান এবং ইসকনকে নিষিদ্ধের বিষয়ে আদেশ প্রার্থনা করেন।
জ্যেষ্ঠ বিচারক বলেন, “রাষ্ট্র সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছে। ওনারা তো দেখছেন। এখন আমরা তো…আমরা জনগণের সঙ্গে আছি।”
এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক কোর্টে উপস্থিত হলে তার উদ্দেশে জ্যেষ্ঠ বিচারক বলেন, “সরকারের নেওয়া উদ্যোগে আমরা সন্তুষ্ট। আমরা তো সংবিধানের অভিভাবক।”
এ সময় আইনজীবী মনিরুজ্জামান আবার এ বিষয়ে আদেশের প্রার্থনা জানান।
তখন জ্যেষ্ঠ বিচারক বলেন, “রাষ্ট্রের দায়িত্ব। আমাদের আস্থা আছে। আমাদের দেশের সব ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ। পারস্পরিক শ্রদ্ধা-ভালোবাসা কখনও নষ্ট হবে না। তাই মনিরের (আবেদনকারী মনিরুজ্জামান) দুশ্চিন্তা থাকবে না।”
এই অবস্থায় আদালত কোনো আদেশ দেওয়া থেকে বিরত থাকেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার যেহেতু ব্যবস্থা নিচ্ছে, সেখানে কোর্ট তো হস্তক্ষেপ করবে না। সরকারের নিষ্ক্রিয়তা থাকলে তখন কোর্ট হস্তক্ষেপ করে।”
আরও পড়ুন
