১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাগরে বিকল নৌকা থেকে ১১ জেলেকে উদ্ধার কোস্ট গার্ডের

নৌকাটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে ফোন করে সহায়তা চান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 01:14 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

সাগরে চারদিন ধরে ভাসতে থাকা বিকল ফিশিং বোট ‘এফবি ফাতেমা’র ১১ জেলেকে উদ্ধার করার কথা জানিয়েছে কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে তাদের উদ্ধার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৩১ অক্টোবর লক্ষীপুরের রামগতি মাঝঘাট এলাকা থেকে ‘এফবি ফাতেমা’ ফিশিং বোটে ১১ জেলে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যান। এরপর ১ নভেম্বর গভীররাতে যানিটি বিকল হয়ে সাগরে ভাসতে থাকে। একপর্যায়ে নৌকাটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে ফোন করে সহায়তা চান।

এরপর দুপুর ২টায় কোস্ট গার্ডের জাহাজ ‘পোর্টে গ্র্যান্ডে' অভিযান চালিয়ে ১১ জেলেসহ বিকল হওয়া নৌকাকে উদ্ধার করে। জেলে ও নৌকা মালিকপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।