Published : 05 Mar 2026, 12:39 PM
ঢাকার খিলগাঁওয়ে একটি সোনার দোকান থেকে শতভরি স্বর্ণালঙ্কার এবং নগদ প্রায় দেড় লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে খিলগাঁওয়ের গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার ‘আশেকে রাসূল জুয়েলার্স’ নামের ওই দোকানে এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “রাতের কোনো এক সময়ে ওই দোকানের শাটার ভেঙে ওই দোকানে চুরির ঘটনা ঘটেছে। মালিকপক্ষ আমাদের প্রথমে বলেছে ১০০ ভরি স্বর্ণালঙ্কার, ১৫০ ভরি রূপার অলঙ্কার ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।
“যাছাই বাছাই শেষে এখন আবার ৭০ ভরি স্বর্ণালঙ্কারের কথা বলছে। লিখিত অভিযোগ দিলে প্রকৃত লুট হওয়া স্বর্ণের পরিমাণ জানা যাবে।”
ওসি শফিকুল বলেছেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।