Published : 24 May 2026, 07:14 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী।
সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানীর গুলশানে নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে জনপ্রতি ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক তুলে দেন করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।
কোরবানির ঈদে নগরে অতিরিক্ত বর্জ্য সৃষ্টির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “এই সময় নগরকে পরিচ্ছন্ন রাখতে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করেন। তাদের কষ্টের কথা বিবেচনা করেই মাননীয় প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন।”

পরিচ্ছন্নতাকর্মীদের নগরের ‘প্রাণ ও শক্তি’ আখ্যা দিয়ে শফিকুল ইসলাম খান বলেন, “আপনারা খুব ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করেন। ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবচেয়ে বড় ভূমিকা আপনাদের। আপনারা যদি কাজ না করেন তাহলে নগর সুন্দর থাকবে না, দুর্গন্ধমুক্ত থাকবে না।”
কেবল সিটি করপোরেশনের প্রচেষ্টাতেই ‘গ্রিন ঢাকা ও ক্লিন ঢাকা’ গড়া সম্ভব নয় মন্তব্য করে নগরবাসীকেও যত্রতত্র ময়লা না ফেলার এবং পরিচ্ছন্ন নগর গঠনে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আসন্ন বর্ষা মৌসুমের কথা বিবেচনায় নিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের বৃষ্টির সময় দ্রুত কাজ করার প্রস্তুতি এবং আগে দেওয়া রেইনকোটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারেরও নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, “প্রধানমন্ত্রীর এই উপহার আসন্ন কোরবানির ঈদে যারা নগর পরিচ্ছন্নতার কাজ করবেন, তাদের উদ্যম আরও বাড়িয়ে দেবে। পরিচ্ছন্নতাকর্মীরা আরও মনোযোগ দিয়ে কাজ করবেন এবং নগরবাসী যাতে কোরবানির বর্জ্যে ভোগান্তিতে না পড়েন সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী সৈয়দ রকিবুল হাসানসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।