Published : 05 Sep 2026, 01:43 PM
সৌদি আরব সফরে রওনা হয়েছেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার সকালে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এই সফরে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্স-এর প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, "দ্বিপাক্ষিক বৈঠকগুলোয় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর মধ্যে বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।"
সৌদি আরব অবস্থানের সময় বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ ও বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের কথা রয়েছে নৌবাহিনী প্রধানের
এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আইএসপিআর আশা প্রকাশ করেছে।