Published : 24 Dec 2025, 09:03 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।
ইসি সচিব বলেন, "নিবন্ধনের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রবাসে ও দেশে যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনও অংশগ্রহণ করেনি, বর্ধিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারবেন।"
১৯ নভেম্বর থেকে এ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়।
‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
বুধবার বিকাল ৪টা পর্যন্ত ৬ লাখ ৭৯ হাজার ১৮৬ জন ভোটার নিবন্ধন করেছেন।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিতে পারবেন। তাদের জামানতসহ অন্যান্য টাকা জমা দেওয়ার স্বার্থে শনিবার (২৭ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক খোলা রাখার অনুরোধ করেছে ইসি।
তাদের এ অনুরোধের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সেদিন দেশের তফসিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ইসি সচিব বলেন, "আগামী শনিবার আমরা বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছি তফসিল ব্যাংকগুলোকে খোলা রাখতে, যেন সম্ভাব্য প্রার্থী বা তাদের এজেন্টরা ঠিকঠাক টাকাপয়সা জমা দেওয়ার কাজ সম্পন্ন করতে পারেন।"