১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা ‘হচ্ছে না’

“আমরা মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে।”

এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা ‘হচ্ছে না’
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 05:27 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির ব্যবহার কমাতে এবার স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের কোথাও আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার সচিবালয়ে রোজার ঈদ এবং স্বাধীনতা ও জাতীয় দিবস সংক্রান্ত আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে যাতে জাতীয় ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এ দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না।”

ইরান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না। এ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানির বাজার অস্থির হয়ে উঠেছে। এ কারণে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়ে আসছে সরকার।  

মুক্তিকামী বাঙালির আন্দোলন কঠোর হাতে দমনের জন্য একাত্তরের ২৫ মার্চ রাতে যে নারকীয় হত্যাযজ্ঞের সূচনা করেছিল পাকিস্তানি বাহিনী, ভয়াবহ সেই নৃশংসতায় শহীদদের স্মরণে এবার যথাযথ মর্যাদায় পালিত হবে গণহত্যা দিবস। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় দায়িত্ব রয়েছে। নিরাপত্তার সবকিছু দেখভাল করা হবে।”

স্বাধীনতা দিবসের বিষয়ে তিনি বলেন, “রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতৃবৃন্দ, অন্যান্য সামাজিক রাজনৈতিক সংগঠন সাভার স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করবেন। 

“আর এজন্য সকলের নিরাপত্তা নিশ্চিত করার পাশপাশি যাতায়াত সহজতর করার বিষয়ে সভায় আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “এ ব্যাপারে বিজিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দ এসেছিলেন। তারা খুব আন্তরিক। 

“তারা আশা করছেন, ঈদের আগে বেতন-ভাতা সবকিছু পরিশোধ করতে পারবেন। সরকারের এবং ব্যাকিং সেক্টরের সহযোগিতা থাকবে। তার পরেও যদি দুই-একটা সমস্যা থাকে, সে ব্যাপারে আগে থেকে জানাতে বলা হয়েছে।”

মব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মব এক জিনিস আর কিছু কিছু ক্রাইম এক জিনিস নয়। সবগুলোর সাথে মব ঘুলিয়ে ফেললে হবে না। নরসিংদীতে এক মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 

“তদন্তে দেখা গেল, তার সাথে তার সৎবাবা জড়িত। প্রাথমিকভাবে যারা ধর্ষণের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার ভেতরে সমস্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা স্বীকারোক্তি দিয়েছে। 

“আরো দুই-একটা ঘটনা জানি, আমরা অ্যাড্রেস করছি। সব বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনাও আছে। আমরা মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে।”

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোর কারণে কয়েকজনকে গ্রেপ্তার এবং ছাত্রলীগের কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, “যাদের রাজনৈতিক কার্যক্রমে বিধিনিষেধ আছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষনা দিয়ে থাকে। 

“কিন্তু দৃশ্যমান কিছুতো দেখি না। দু-একটি ঘটনা হলে পুলিশ অ্যাড্রেস করছে, করবে।”