পোলো শার্ট-প্যান্ট পরে খাল খননে তারেক
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী, নাল, জলাধার খনন করা হবে।
দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল কাটতে নিজেই হাতে কোদাল নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ধূসর রঙের পোলো শার্ট, নীল জিন্স প্যান্ট আর মাথায় লাল-সবুজ ক্যাপ পরেন তিনি।
সোমবার দুপরে সরকারপ্রধানের মাটি কাটার মধ্য দিয়ে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় সাহাপাড়া খালের অপর পাশে নারী-পুরুষের দল ডোলা ও কোদাল নিয়ে মাটি কাটতে শুরু করে।
সমাবেশস্থলে দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা মুহুর্মুহু করতালি দিতে থাকেন। এ সময় তারা ‘বাংলাদেশের প্রাণ নেতা, তারই সন্তান মহান তারেক রহমান’, ‘আমার নেতার বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ’, ‘আমরা সবাই মিলে গড়ে তুলি শহীদ জিয়ার বাংলাদেশ, দেশনেত্রী খালেদা জিয়ার বাংলাদেশ’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে।
১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সাদা গেঞ্জি, গ্যাবাডিনের প্যান্ট এবং মাথায় ক্যাপ পরে এই সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন।
পানিসম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির আলোকে নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল, নদী, নাল, জলাধার খনন করা হবে।
জিয়াউর রহমানের সময় এ কর্মসূচির প্রথম পর্যায়ে ৬৭৫.১৮ মাইল দীর্ঘ ১৯৩টি খাল খনন ও পুনঃখনন করা হয়।
