Published : 11 Feb 2026, 10:16 PM
সৈয়দপুরে ৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতার বিষয়ে নিজের বক্তব্য সংবাদমাধ্যমে ‘ভুলভাবে উদ্ধৃত’ করা হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
বুধবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান।
ইসি সচিব বলেন, “আমি নাকি বলেছি যে, পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার, অধিকার, ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি।”
“আপনাদের কাছে এবং সবার সামনে বলছি, এটা আমাকে ‘মিসকোট’ (ভুলভাবে উদ্ধৃত) করা হয়েছে। দয়া করে এরকম ‘মিসকোট’ করবেন না; প্লিজ মিসকোট করবেন না। কারণ আমরা এখন একটা ভালো নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। যদি আমরা অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করি, সেটা অত্যন্ত দুঃখজনক হবে।”
নিজের বক্তব্যের বিষয়ে তিনি, “আমার কাছে যেটা জানতে চাওয়া হয়েছিল, কোনো একটা অর্থের ব্যাপারে। আমি বলেছি, দেখেন, যারা এটা ইন্টারসেপ্ট (আটক) করেছে, তারা টাকার উৎস ও উদ্দেশ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন। আমি শুধু সেটাই বলেছি।
“এটাকে যদি এখন দুর্ভাগ্যজনকভাবে মিসকোট করা হয়, সেটা আমার জন্য অত্যন্ত অপমানজনক এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ। এবং আমি আমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া আপনাদের মাধ্যমে জানাচ্ছি। অপতথ্য অনুগ্রহ করে দেওয়া থেকে বিরত থাকবেন।”
যারা ওই অর্থ আটক করেছে তারা এ বিষয়ে আইনি ব্যাখ্যা দেবেন মন্তব্য করে তিনি আরও বলেন, “আমি কেন, আমার কি (আইনি) ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা, বা এত টাকা নিতে পারবেন, বা এত টাকা নিতে পারবেন না? কেন বলব?
“আইনের ব্যাখ্যাটা যারা ইন্টারসেপ্ট করেছেন, তারা দেবেন। তাদের কাছে আইনি ব্যাখ্যা চান। আপনারা যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান তাহলে তো এটা আমার প্রতিও অবিচার করা হচ্ছে। দয়া করে এই অপতথ্য সংস্কৃতি থেকে বেরিয়ে আসেন।”