ছাগলকাণ্ডের মতিউর ও তার স্ত্রী কারাগারে
দুর্নীতির মামলায় তাদের এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
দুর্নীতির মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহারের আবেদনে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে সোমবার তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ৬ জানুয়ারি মতিউর কন্যা ফারজানা রহমান ঈপ্সিতার নামে ২ কোটি ৪৫ লাখ টাকা গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে দুদক মামলা করে। সেখানে মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়।
মেয়ের অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার বিষয়ে মতিউর ও লায়লা কানিজকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে দুদক। পরে আদালতে আবেদন করলে তাদের একদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি মেলে। সেই রিমান্ড শেষে মঙ্গলবার তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে তদন্ত কর্মকর্তা।
গত বছর কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার ফেইসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।
ছাগলকাণ্ডের আলোচনার মধ্যে মতিউর রহমানকে এনবিআর থেকে সরানো হয়। চলতি বছরের ১৪ জানুয়ারি মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
