Published : 04 Aug 2025, 06:18 PM
অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে নানা আয়োজন ঘিরে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ঢাকাবাসীকে ওই এলাকার আশপাশের সড়ক এড়িয়ে চলাচল করতে দেওয়া হয়েছে গণবিজ্ঞপ্তি।
এতে বলা হয়, মঙ্গলবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো হবে। সকাল ১১টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত চলবে এ আয়োজন।
এদিন বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
এর আগে বেলা ১১টায় থাকছে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা। এরপর দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন উদযাপন’, সন্ধ্যা সাড়ে ৭টায় ‘স্পেশাল ড্রোন শো’ এবং রাত ৮টায় থাকছে ব্যান্ড দল আর্টসেলের পরিবেশনা।
এসব আয়োজন উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে বিবেচনায় সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল করানো সম্ভব হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
যেসব স্থানে দেওয়া হবে ডাইভারশন
আড়ং ক্রসিং (মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত): মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা অথবা মোহাম্মদপুর থেকে আসাদগেইট হয়ে আসা খেজুর বাগান/ফার্মগেট অভিমুখী যানবাহন আড়ং ক্রসিংয়ে বামে মোড় না নিয়ে সোজা দক্ষিণ দিকে ধানমন্ডি ২৭ এর পূর্ব প্রান্ত হয়ে মিরপুর রোডে চলাচল করবে।
এছাড়া মিরপুর রোডের দক্ষিণ দিক থেকে (সায়েন্স ল্যাব ক্রসিং থেকে) আসা খেজুর বাগান/ফার্মগেট অভিমুখী যানবাহন আড়ং ক্রসিংয়ে ডান দিকে মোড় না নিয়ে সোজা উত্তরে গিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং হয়ে চলাচল করবে।
খেজুর বাগান ক্রসিং (মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব প্রান্ত): এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইন্দিরা রোড হয়ে আসা ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে সোজা মানিক মিয়া অ্যাভিনিউয়ে না গিয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে মিরপুর রোড হয়ে সোজা দক্ষিণে ধানমন্ডির দিকে চলে যাবে।
তবে অনুষ্ঠান চলার সময় যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধানমন্ডি কিংবা মোহাম্মদপুরগামী যানবাহনকে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
ফার্মগেইট ক্রসিং: ফার্মগেট থেকে খেজুর বাগান/মানিক মিয়া এভিনিউ/মিরপুর অভিমুখী যানবাহনসমূহ ফার্মগেইট থেকে বামে মোড় না নিয়ে সোজা বিজয় সরণী গিয়ে বামে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং/লেক রোড হয়ে চলাচল করবে।
গণভবন ক্রসিং: মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট কিংবা সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিংয়ে সোজা দক্ষিণ দিকে যাওয়ার পরিবর্তে বামে মোড় নিয়ে লেকরোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে চলে যাবে।
এছাড়া মোহাম্মদপুর থেকে আসাদ গেইট হয়ে খেজুর বাগান কিংবা ফার্মগেট অভিমুখী যানবাহন আসাদগেইট ক্রসিংয়ে ডানে মোড় না নিয়ে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিং হয়ে চলাচল করবে।
আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক: মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে চলাচলকারী যানবাহনকে আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে নিজস্ব বা ভাড়া করা যানবাহনসহ আসা দর্শনার্থীদের যানবাহন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিংয়ের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষমেশ সরকার উৎখাতের ইতিহাস হয়ে পড়ে।
৩৬ দিনের সেই আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা।
৫ অগাস্ট সরকার পতনের পর ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর দাবি মেনে শুরু হয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ।