১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘দঙ্গলতন্ত্রে’ সরকার কখনো ‘উদাসীন’, কখনো ‘প্রশ্রয়দাতা’: গণতান্ত্রিক অধিকার কমিটি

এসব ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছে প্ল্যাটফর্মটি।

‘দঙ্গলতন্ত্রে’ সরকার কখনো ‘উদাসীন’, কখনো ‘প্রশ্রয়দাতা’: গণতান্ত্রিক অধিকার কমিটি
সিলেটে গত ২৪ অগাস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়ার পর বেদম পেটানো হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 08:59 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

দেশে সহিংসতার নতুন ‘অবয়ব’ হিসেবে ‘দঙ্গলতন্ত্র’ দেখা দিচ্ছে বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি।

শনিবার প্ল্যাটফর্মের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ‘দঙ্গল’ এখন আর কেবল ধর্মীয় উগ্রতায় সীমাবদ্ধ নেই; বরং এটি ছড়িয়ে পড়েছে রাজনৈতিক বিরোধ, স্থানীয় আধিপত্য এবং এমনকি ব্যক্তিগত শত্রুতার মাটিতেও।

“কেউ ভিন্নমত প্রকাশ করলেই তাকে 'নাস্তিক', 'শাতিম', কিংবা 'বেইমান' তকমা দিয়ে জনতাকে উসকে দিয়ে তার বিরুদ্ধে সহিংসতা চালানো হচ্ছে। আর এসব ঘটনায় রাষ্ট্র কখনো নিষ্ক্রিয়, কখনো উদাসীন, আবার কখনো অপরাধীদের নীরব প্রশ্রয়দাতা হিসেবে ভূমিকা রাখছে।”

নতুন করে যেন ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে, সেই লক্ষ্য জানিয়ে গত বছরের ২২ অগাস্ট আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক অধিকার কমিটি। এতে আহ্বায়ক করা হয় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে।

আত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য দিয়ে আসছে প্ল্যাটফর্মটি। 

শনিবারের বিজ্ঞপ্তিতে পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ী হত্যা এবং চাঁদপুরে খতিবের ওপর হামলার ঘটনা তুলে ধরা হয়। 

প্ল্যাটফর্মটি মনে করে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সহিংস রাজনৈতিক সংস্কৃতির অংশ, যেখানে ধর্ম, গুজব ও ক্ষমতার দ্বন্দ্ব একত্রে কাজ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত এক দশকে একের পর এক ব্লগার, লেখক ও অ্যাক্টিভিস্টকে একই কায়দায় হত্যা করা হয়েছে, কিন্তু রাষ্ট্র সেসব ঘটনায় কার্যকর পদক্ষেপ নেয়নি।

কমিটির দাবি, এই সহিংসতা ঠেকাতে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায় নিতে হবে। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছে।