১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘টাইগার লাইটনিং’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্বের গুরুত্বপূর্ণ ভিত্তি: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিকের যৌথ উদ্যোগে আয়োজিত এই মহড়া চলবে ১৩ দিন।

‘টাইগার লাইটনিং’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্বের গুরুত্বপূর্ণ ভিত্তি: মার্কিন রাষ্ট্রদূত
ছবি: আইএসপিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 12:50 AM

Updated : 11 Sep 2026, 03:41 PM

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ সামরিক প্রশিক্ষণ ‘টাইগার লাইটনিং-২০২৬’ দুই দেশের পারস্পরিক সামরিক যোগাযোগ ও ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারত্বের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

রোববার সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিকের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ চলবে ১৩ দিন। অনুশীলন শেষ হবে আগামী ৩১ জুলাই।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “এই প্রশিক্ষণ সামরিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ জোরদার করার পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে। এটি শুধু একটি সামরিক প্রশিক্ষণ নয়; বরং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতীক।”

লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেন, ‘টাইগার লাইটনিং’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 

তিনি বলেন, “এই প্রশিক্ষণে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে আভিযানিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, পারস্পরিক বন্ধন সুদৃঢ় করবে এবং দীর্ঘমেয়াদে দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারত্বে বিশেষ অবদান রাখবে।"

আইএসপিআর জানায়, এবারের অনুশীলনে যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৯১ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনের ৯৩ জন সদস্য অংশ নিচ্ছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তার মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে।

আইএসপিআর বলছে, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদারের লক্ষ্যেই ‘টাইগার লাইটনিং-২০২৬’ আয়োজন করা হয়েছে।

দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।