১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্নীতির অভিযোগের মুখে বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

গণঅভ্যুত্থানের পর বেশ কয়েকজন বিচারপতি তদন্তের মুখে পড়েন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 02:18 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা হাই কোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন।

মঙ্গলবার তিনি প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠান বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র আসার পর নিয়মানুযায়ী তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের যে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে তদন্ত শুরু হয়, তাদের অন্যতম ছিলেন বিচারপতি মো. রেজাউল হাসান (এম আর হাসান)।

হাই কোর্ট বিভাগে দায়িত্ব পালনকালে বিচারপতি এম আর হাসান দীর্ঘদিন কোম্পানি বেঞ্চের দায়িত্বে ছিলেন। সেই সময় তার বিরুদ্ধে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নিয়ে রায় পাল্টে দেওয়ার মতো গুরুতর অভিযোগ আসে প্রধান বিচারপতির কাছে।

এছাড়া নিজ পদের প্রভাব খাটানোরও সুস্পষ্ট অভিযোগ রয়েছে এই বিচারপতির বিরুদ্ধে।

২০২৩ সালের ২ ডিসেম্বর রাজধানীর বনানী ইউ-লুপে ট্রাফিক সার্জেন্ট মহুয়ার বাবা মনোরঞ্জন হাজমকে গাড়ি চাপা দেন বিচারপতি রেজাউল হাসানের ছেলে। ওই সময় ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।