১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরওয়ে উন্নয়ন সহযোগিতা থেকে সরে বাণিজ্যে ঝুঁকছে: রাষ্ট্রদূত

নরওয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রপ্তানি পণ্য বহুমুখীকরণে জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী, বলা হয় মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 07:55 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

নরওয়ে এখন উন্নয়ন সহযোগিতা থেকে সরে এসে বাণিজ্যের দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেন।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ নীতিগত পরিবর্তনের কথা তুলে ধরেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, নরওয়ের এ সিদ্ধান্তকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাগত জানিয়ে রপ্তানি পণ্য বহুমুখীকরণে জোর দেন।

মন্ত্রণালয় বলেছে, সাক্ষাতকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বলেন, "নরওয়ে এখন চিরাচরিত উন্নয়ন সহযোগিতা থেকে সরে এসে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর দিকে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে।"

বৈঠকে মন্ত্রী নরওয়ের বাজারে বাংলাদেশের ওষুধ শিল্প, চামড়াজাত পণ্য, আইটি সেবা, পাটপণ্য এবং হস্তশিল্পের মতো পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

মন্ত্রী বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জাহাজ নির্মাণ এবং প্যাকেজিং শিল্পে নরওয়ের উদ্যোক্তাদের বড় আকারের বিনিয়োগ করার আহ্বান জানান।

বৈঠকের শুরুতে মন্ত্রী ১৯৭২ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নরওয়ের স্বীকৃতি এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, "বর্তমান সরকারের বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার মূল ভিত্তি হলো গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা।"

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নরওয়ের নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী।

তিনি দুই দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, ডিজিটাল উদ্ভাবন, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণা ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানান।