এ্যানিকে আটকের দাবি পরিবারের
এলিফেন্ট রোডের একটি বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি পরিবারের।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে তার পরিবার।
ঢাকার এলিফেন্ট রোডের একটি বাসা থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ‘গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়’ বলে দাবি করেছেন তার বড় ভাই হ্যাপি চৌধুরী।
এদিন ৯টার দিকে ছাত্রদলের সহসভাপতি এইচএম আবু জাফর, তেজগাঁও কলেজের ছাত্রদল নেতা নাজমুল হাসান পাপনকে যাত্রাবাড়ীর পপুলার হাসপাতাল থেকে ‘গোয়েন্দারা তুলে নিয়ে যায়’ বলে ছাত্রদলের দপ্তরের এক ক্ষুদে বার্তায় দাবি করা হয়।
অপরদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে সানিয়াতকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে বলে বিএনপির দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিএনপি ও ছাত্রদল নেতাদের আটকের বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ১৮ জুলাইয়ের শাটডাউন কর্মসূচির রাতে আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেওয়ার ঘোষণা আসে বিএনপির পক্ষ থেকে। ১৯ জুলাই ঢাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয়। সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো ঢাকায়। প্রাণহানিসহ আহত হয় বহু মানুষ।
কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতার পর থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা আমীর খসরু, আমান উল্লাহ আমান, রুহুল কবীর রিজভীসহ অনেকে গ্রেপ্তার হয়েছেন। বিভিন্ন জেলার নেতাকর্মীদেরও গ্রেপ্তারের খবর আসছে।
