প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ
সিআরপির কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপি কর্তৃপক্ষ।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার দুপুরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সিআরপি। প্রধানমন্ত্রীর সঙ্গে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।”
সিআরপির কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন বলে রুমন জানিয়েছেন।
এই সময় সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ভ্যালেরি এ. টেইলর, ট্রাস্টির নির্বাহী পরিচালক, মোহাম্মদ সোহরাব হোসেন, চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, মুশতাক আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
