১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন মামলায় গ্রেপ্তার সালমান, আনিসসহ ৪ জন

শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।

নতুন মামলায় গ্রেপ্তার সালমান, আনিসসহ ৪ জন
আদালতে সালমান এফ রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 12:10 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

জুলাই আন্দোলনে ঢাকার মিরপুরে মাহফুজুর রহমান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া।

অন্য আসামিরা হলেন- ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা।

গত ১৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই তরিকুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছিল।

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। এসময় তাদের মাথায় হেলমেট, হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।

আদালতে আনিসুল হক।

আদালতে আনিসুল হক।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই দুপুর ২টার দিকে মাহফুজ তার পাঁচ বন্ধুর সাথে মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান করছিলেন। তাদের ওপর গুলি চালানো হয়। বিকেলে ৩টার দিকে মারা যান গুলিবিদ্ধ মাহফুজ। পরদিন দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেলে তার লাশ খুঁজে পায় পরিবার। 

এ ঘটনায় নিহতের বাবা আব্দুর মান্নান গত ১৪ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় মামলা করেন।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, আতিকুল ইসলাম ও জসিম উদ্দিন মোল্লা। একাধিক মামলায় হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।