১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সম্প্রীতির বার্তা দিয়ে নিউ ইয়র্কে শেষ হল মোস্তাফিজুর রহমানের আলোকচিত্র প্রদর্শনী

প্রদর্শনীতে বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি, গ্রামীণ জীবন, মানুষের সংগ্রাম এবং ধর্মীয় সহাবস্থানের ৪০টি আলোকচিত্র স্থান পায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 10:41 AM

Updated : 26 Aug 2026, 02:23 PM

নিউ ইয়র্কে শেষ হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউজ ফটোগ্রাফি বিভাগের প্রধান মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের একক আলোকচিত্র প্রদর্শনী ‘ইকোস অব পিস’। 

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী এ প্রদর্শনী হয় জ্যামাইকার হিলসাইড এভিনিউ পিস সেন্টারের সেইভ দ্য পিপল অডিটোরিয়ামে।

প্রদর্শনীতে বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি, গ্রামীণ জীবন, মানুষের সংগ্রাম এবং ধর্মীয় সহাবস্থানের ৪০টি আলোকচিত্র স্থান পায়। শান্তি ও মানবতার বার্তা বহনকারী এসব ছবি দর্শকদের গভীরভাবে অনুপ্রাণিত করে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএন ইন্টারফেইথ লিডার ও হেইওয়া পিস অ্যান্ড রিকনসিলিয়েশন ফাউন্ডেশন অব নিউ ইয়র্ক–এর প্রেসিডেন্ট তোশিকাজু কেনজিত্সু নাকাগাকি। 

তিনি বলেন, “প্রদর্শনীর ছবিগুলো শুধু নান্দনিকতার জন্য নয়, বরং শান্তি, মানবিকতা ও সম্প্রীতির শক্তিশালী বার্তা বহন করেছে।”

নিউ ইয়র্কের শ্রী চিন্ময় সেন্টারের পরিচালক মহাতপা পালিত বলেন, “পৃথিবীতে অশান্তির মূল কারণ বিভাজন। অথচ আমরা সবাই একই পৃথিবীর সন্তান। তাই একত্র হওয়াই আমাদের প্রধান দায়িত্ব। এই প্রদর্শনীর ছবিগুলো সেই একত্র হওয়ার আহ্বান জানায়।”

এছাড়া আরও বক্তব্য দেন জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ রিচিকে লিপিকৌইজ, তথ্যচিত্র নির্মাতা ও শান্তি কর্মী দিমা নেফারতিতি, সংবাদ উপস্থাপক সাদিয়া খন্দকার, আলোকচিত্রী ও গবেষক ওবায়দুল্লাহ মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাহরিনা পারভিন প্রীতি, আলোকচিত্রী সাজিদ হোসেন এবং আলোকচিত্রী মোস্তাফিজুর রহমানের স্ত্রী কাজী জেবুন নাহার।

আলোকচিত্রী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান এ প্রদর্শনী আয়োজনের জন্য নিউ ইয়র্কভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেইভ দ্য পিপল, ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব ইউএসএ–কুইন্স চ্যাপ্টার, পিস সেন্টার অব ইউএসএ এবং ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএ–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রদর্শনীর শেষ দিনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নিউ ইয়র্কের আলোকচিত্রী ও শিল্পপ্রেমীদের মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠানস্থল। সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেইভ দ্য পিপলের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ।

‘ইকোস অব পিস’ প্রদর্শনী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরবে এবং বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশা প্রকাশ করেন।