১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কারাগার ব্যবহার করবে নিজস্ব বিদ্যুৎ

“এ ক্ষেত্রে কারাগারের তথা সরকারের কোনো বিনিয়োগ নেই, সম্পূর্ণই বেসরকারি বিনিয়োগ।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 11:20 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

দেশের কারাগারগুলোর ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের কথা বলছে কারা অধিদপ্তর।

সরকারের ‘নেট মিটারিং’ বা বিল সমন্বয় নীতিমালার আলোকে ‘ওপেক্স’ (চলমান পরিচালন ব্যয়) পদ্ধতিতে সম্ভাব্য ১৫ হতে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য মাত্রা নেওয়ার কথা ‍শুক্রবার রাতে অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি কারা কর্তৃপক্ষের সাথে ইনজেন টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে এবং কারাগারেরসমুহের চাহিদা পুরণ করা হবে।”

প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালিত হবে এবং এতে কারাগারের তথা সরকারের বিদ্যুৎ খাতে আর্থিক সাশ্রয় হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকারের সাম্প্রতিক সময়ের নিদের্শনার আলোকে এ ধরনের কার্যক্রম বেগবান হয়েছে তুলে ধরে কারা অধিদপ্তর বলেছে, “এ ক্ষেত্রে কারাগারের তথা সরকারের কোনো বিনিয়োগ নেই, সম্পূর্ণই বেসরকারি বিনিয়োগ।”

এ ধরনের নানামুখী কার্যক্রমের মাধ্যমে কারাগারসমুহকে উৎপাদনমুখী করার কার্যক্রম চলমান থাকবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।