হামের টিকা অব্যবস্থাপনায় জড়িতদের বিচার দাবি ছাত্র ফেডারেশনের
“হামে আক্রান্ত শিশুদের জীবন গুরুতর ঝুঁকিতে; প্রতিদিন শিশুর মৃত্যু ঘটছে,” বলেন ছাত্র ফেডারেশনের সভাপতি।
হামের টিকা অব্যবস্থাপনায় জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সেইসঙ্গে হামে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা, হাসপাতালে হাম কর্নার চালু, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি তুলে ধরেছেন সংগঠনটি।
বুধবার বিকালে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে ছাত্র ফেডারেশন।
সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, “নির্বাচনের আগে তড়িঘড়ি করে অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্যচুক্তি সম্পাদন করেছে। আমরা এ চুক্তির একদম শুরুতেই দাবি করেছিলাম সেটি সংসদে বিল আকারে উত্থাপন করে আলোচনা করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সরকার সে পথে হাঁটছে না। এমনকি বিরোধীদলও এই চুক্তি নিয়ে ‘টু শব্দ’ করছে না।”
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, “জনগণের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদ ও রাজনৈতিক দলগুলোর নীরবতা দেশের মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা। আমরা সংসদ অধিবেশনে এই চুক্তির গণবিরোধী শর্তগুলো উত্থাপন করে তা বাতিলের আহ্বান জানাই।
“একইসঙ্গে হামে আক্রান্ত শিশুদের জীবন গুরুতর ঝুঁকিতে। প্রতিদিন শিশুর মৃত্যু ঘটছে। এটি একটি জাতীয় ‘জরুরি অবস্থা’।…এই সংকটের সময়ে হামের টিকা অব্যবস্থাপনার সাথে জড়িতদের বিচার করতে হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য আরমানুল হক, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজীব হোসেন ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান।
সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে টিএসসির পায়রা চত্বরে যান সংগঠনটির নেতাকর্মীরা।
