Published : 21 Aug 2026, 12:37 PM
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ করা হবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপকমিশনার আমির খসরুর বৃহস্পতিবার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
তাদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহন এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেস ক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে এসব বাসকে সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্যদিকে হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়ার দিকে অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে।
বিকল্প রুট হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি।