শাহজালালে ৪৩ ভরি স্বর্ণালংকারসহ আটক ১
আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন, বলে দাবি পুলিশের।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৩ ভরি স্বর্ণালংকার এবং বেশ কিছু বৈদেশিক মুদ্রাসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক ব্যক্তির নাম মফিদুল ইসলাম (৪৩)। তিনি উমরাহ্ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে ঢাকায় আসেন। তার গ্রামের বাড়ি খুলনা জেলার লবণচরা থানায়।
বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এপিবিএন বলেছে, এদিন দুপুর পৌনে একটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এলাকায় খোলা কার পার্কিং এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরে তার কাছ থেকে ৪৯৯ দশমিক ১ গ্রাম স্বর্ণ এবং ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিশরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ ও ৮০ হাজার ১১৬ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এপিবিএন বলেছে, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন।
মফিদুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বৃহস্পতিবার একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
