Published : 23 Jul 2026, 04:06 PM
আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বাড়ায় নওগাঁর নিচু এলাকায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৯টার আগের ২৪ ঘণ্টায় আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সমতল বেড়েছে, যা আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন কমতে পারে।
এর ফলে আগামী দুই দিন আত্রাই নদীর কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে এবং নদী লাগোয়া নিচু এলাকার কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এছাড়া আগামী একদিনে নওগাঁয় ছোট যমুনা নদীর পানি এবং নাটোর ও সিরাজগঞ্জে আত্রাই নদীর পানি কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে।
বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ) স্টেশনে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি সমতল বেড়েছে; অন্যদিকে কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী একদিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুদিন কমতে পারে।
এর ফলে আগামী একদিন সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
এদিকে একদিনে চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি সমতল বেড়েছে। অন্যদিকে সেলোনিয়া, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল কমেছে। এসব নদীর পানি সমতল আগামী এক দিন দ্রুত বেড়ে পরবর্তী দুদিন স্থিতিশীল থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহরী নদীর পানি কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে এবং গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল আগামী দুদিন বেড়ে পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।
ফলে আগামী দুই দিন কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু স্থানে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী লাগোয়া নিচু এলাকা প্লাবিত হতে পারে।