১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারকে ১০ লাখ ক্ষতিপূরণ দিতে রিট মামলা

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ এ রিট আবেদন করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 02:48 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা নিহত ও আহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী।  

বিমানবন্দর এলাকায় ৪ তলার বেশি কোনো ভবন নির্মাণ না করার নির্দেশনাও চাওয়া হয়েছে সেখানে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ এ রিট দায়ের করেন। 

আগামী রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও সৈয়দ জাহেদ মনসুরের হাই কোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে ইউনূস আলী আকন্দ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৪ ঘণ্টার মধ্যে নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।”

একই ঘটনায় গত মঙ্গলবার আরেকটি রিটের শুনানি নিয়ে হাই কোর্ট হতাহতের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেয়। 

সাত দিনের মধ্যে সরকারকে এ কমিটি গঠন করতে বলা হয় এবং ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়।

এছাড়া শিক্ষার্থীদের পরিচয়পত্রে রক্তের গ্রুপ, বাবা-মায়ের নাম ও টেলিফোন নম্বর রাখা; আহতদের দেশে উন্নত চিকিৎসা, প্রয়োজনে বিদেশে পাঠানো; নিহতদের ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে; শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে এবং ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন প্রশ্নেও রুল জারি করা হয় ওই আদেশে। 

বিচারপতি ফাহমিদা কাদের ও সৈয়দ জাহেদ মনসুরের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।