১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু সচেতনতায় গুলশানে মাসব্যাপী কর্মসূচি শুরু

“মশার কামড়ে আমাদের দেশের মত এত মানুষের মৃত্যু আর কোথাও হয় না।”

ডেঙ্গু সচেতনতায় গুলশানে মাসব্যাপী কর্মসূচি শুরু
ডেঙ্গু সচেতনতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 07:43 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা বাড়াতে গুলশানে মাসব্যাপী কর্মসূচি পালন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটি। 

গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে শুক্রবার বিকালে এই কর্মসূচি শুরু হওয়ার তথ্য দিয়ে সোসাইটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে তারা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, পাড়া-মহল্লা এবং বস্তি এলাকায় সচেতনতামূলক প্রচার চালাবে। 

পাশাপাশি ব্যনার, পোস্টার ও লিফলেট বিতরণ করা হবে। 

কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত। 

তিনি বলেন, “পৃথিবীর সবখানেই মশা আছে। কিন্তু মশার কামড়ে আমাদের দেশের মত এত মানুষের মৃত্যু আর কোথাও হয় না।

“শুধু অসচেতনতা এবং দায়িত্বহীনতার কারণে গত তিন বছরে প্রায় ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। বিষয়টা খুবই উদ্বেগজনক। এই মৃত্যু আমরা এড়াতে পারি সচেতনতা এবং দায়িত্বশীলতার মাধ্যমে।” 

মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু প্রতিরোধে গুলশান সোসাইটি বছরব্যাপী কার্যক্রম অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সহ-সভাপতি আব্দুল মাজেদ।