১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মিরপুরে এক বছর আগে শিশু ধর্ষণের ঘটনায় একজনের যাবজ্জীবন

অর্থদণ্ডের ৩ লাখ টাকা শিশুটিকে না দিলে আসামির সম্পত্তি বিক্রি করে আদায়ের নির্দেশ দিয়েছে আদালত।

মিরপুরে এক বছর আগে শিশু ধর্ষণের ঘটনায় একজনের যাবজ্জীবন
আদালতে দণ্ডিত ওসমান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 09:29 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

এক বছর আগে রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় দিয়েছেন।

দণ্ডিত ওসমান খান পরিবার নিয়ে মিরপুরে থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরের উত্তর বাহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর পশ্চিমকান্দি গ্রামে। 

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পিটার গোমেজ বলেন, রায়ে আসামিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সেই টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে দিতে বলা হয়েছে।

টাকা পরিশোধ না করলে আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে টাকা আদায় করে দিতে জেলার কালেক্টরকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

মামলার বিবরণে বলা হয়, শাহ আলী থানার নিউসি ব্লকের ২৬ নম্বর এলাকায় পরিবারের সঙ্গে থাকত শিশুটি। একই ভবনে পরিবার নিয়ে থাকতেন ওসমান। শিশুটি ওসমানের ছেলের সঙ্গে বিড়াল নিয়ে খেলত।

২০২৫ সালের ১৯ মার্চ খেলতে গেলে স্ত্রী-সন্তানকে বাসার নিচে খাবার আনতে পাঠিয়ে শিশুটিকে ধর্ষণ করেন ওসমান। শিশুটি পরিবারকে বিষয়টি জানালে তার বাবা শাহ আলী থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই আলমগীর জলিল ওই বছরের ২৭ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এরপর মামলার বিচার শুরু হয়।