Published : 10 May 2026, 07:31 PM
ইতালির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে বাংলাদেশ সফর ও প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো রোববার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে এ আমন্ত্রণ জাানান তিনি।
বৈঠকের আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশে ইতালির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে সফর ও প্রীতি ম্যাচ আয়োজনের আমন্ত্রণ জানানো হয়।
“পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।”
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
“ইতালি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন মানসম্পন্ন পণ্য আমদানিতে আগ্রহী বলে বৈঠকে জানান রাষ্ট্রদূত আলেসান্দ্রো। একইসঙ্গে বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য সম্প্রসারণের নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ইতালির দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশকে ইতালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্প-কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি (মেশিনারিজ) ক্রয়ের আহ্বান জানানো হয়, যা বাংলাদেশের শিল্পখাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ও ইতালির মধ্যে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ-ইতালি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বাণিজ্য, সামরিক, সংস্কৃতি, ক্রীড়া ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছে উভয় পক্ষ।