১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহজালালে কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ আটক ২

বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে উদ্ধার স্বর্ণালংকারগুলো বাংলাদেশে নিয়ে আসে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 12:52 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের এ ঘটনায় আটকরা হলেন- মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯)। 

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন দুপুর ২টায় বিমানবন্দরের আগমনী এক নম্বর ক্যানোপি এলাকায় ওই দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এপিবিএনের একটি দল তাদের আটক করে। 

এরপর এপিবিএনের অফিসে নিয়ে এসে শরীর তল্লাশি করলে হাছানের পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম এবং শাহাজানের পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। 

দুজনের কাছে থাকা সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি সাত লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যে এপিবিএন বলেছে, বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে উদ্ধার স্বর্ণালংকারগুলো বাংলাদেশে নিয়ে আসে তারা। ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সোনা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। তারা এখানে স্বর্ণ সংগ্রহের কাজ করে আসছে।

তাদের বিরুদ্ধে সন্ধ্যায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।