০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাজেটে নারীর নিরাপত্তার প্রতিশ্রুতি থাকলেও বরাদ্দ স্পষ্ট নয়: মহিলা পরিষদ

"জেন্ডার বাজেটের সঠিক বাস্তবায়নের জন্য তথ্য-উপাত্তের নির্ভুলতা ও স্বচ্ছ মূল্যায়নে বিশেষ গুরুত্ব দিতে হবে," বলেন সায়মা হক বিদিশা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 10:26 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

এবারের বাজেটে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, সমান মজুরি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রতিশ্রুতি থাকলেও বরাদ্দের স্পষ্ট চিত্র নেই বলে মনে করছে বাংলাদেশ মহিলা পরিষদ। 

নারীর সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় অর্থনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী কর্মকৌশলের ওপর জোর দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার বিকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরেন পরিষদের নেতারা। 

'নারীর ক্ষমতায়ন ও সমতার লক্ষ্যে জেন্ডার বাজেট ২০২৬-২৭: বিশ্লেষণ ও প্রত্যাশা' শিরোনামে এ সংবাদ সম্মেলন হয়। 

এতে ‘মডারেটর’ ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মালেকা বানু। 

মালেকা বানু বলেন, "২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট কতটা জেন্ডার সংবেদনশীল এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়নে কতটা কার্যকর ভূমিকা রাখবে, তা মূল্যায়ন করা জরুরি। নারীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, বৈষম্য নিরসন এবং ক্ষমতায়নের লক্ষ্যে জেন্ডার বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তঃমন্ত্রণালয়গত সমন্বয় নিশ্চিত করতে হবে। 

"নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক অঙ্গীকার, এসডিজি এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

মূল বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় কমিটির সদস্য শরমিন্দ নিলোর্মী। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা।

শরমিন্দ নিলোর্মী বলেন, "২০২৬-২৭ অর্থবছরের জেন্ডার বাজেটে নারীর ক্ষমতায়ন, নারী-পুরুষ সমতা এবং সরকারের অঙ্গীকার বাস্তবায়ন বিষয়ে নতুন কিছু বিশ্লেষণ যুক্ত হয়েছে। ফ্যামিলি কার্ডে নারীকে পরিবারপ্রধান হিসেবে স্বীকৃতি, স্নাতকোত্তর পর্যন্ত ছাত্রীদের অবৈতনিক শিক্ষা, ইউনিয়ন পর্যায়ে নারী কল্যাণ কেন্দ্র স্থাপন এবং নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক ও দক্ষতা উন্নয়ন সহায়তা উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে। 

“তবে কর্মক্ষেত্রে নিরাপত্তা, সমান মজুরি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রতিশ্রুতি থাকলেও সংশ্লিষ্ট বরাদ্দের স্পষ্ট চিত্র পাওয়া যায় না।”

সায়মা হক বিদিশা বলেন, "জেন্ডার বাজেটের সঠিক বাস্তবায়নের জন্য তথ্য-উপাত্তের নির্ভুলতা এবং স্বচ্ছ মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।"