Published : 05 Dec 2025, 07:48 PM
ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহটিকে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় খাঁচায় ঢুকাতে পেরেছে কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করানো হয় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান।
এর আগে বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যায়।
সে সময় পরিচালক বলেছিলেন, “চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে।”
বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে। এর মধ্যে খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটির নাম ডেইজি। সিংহটির জন্ম হয়েছিল ২০২০ সালে চিড়িয়াখানাতেই। ২০২৩ সালের শেষ দিকে তার সঙ্গীর মৃত্যু হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, সিংহটিকে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে অচেতন করা হয়। এরপর সেটিকে সতর্কতার সঙ্গে তাকে খাঁচায় ঢোকানো হয়।
খাঁচা থেকে বের হলেও ‘আতঙ্কিত হওয়ার মত কিছু ছিল না’ মন্তব্য করে পরিচালক রফিকুল ইসলাম বলেন, “জাস্ট খাঁচা থেকে বের হয়েছে, যেখানে বেরিয়েছে ওই এলাকাটাও আমাদের নেটিং করা ছিল।”
সিংহটি কীভাবে বেরিয়ে গেল, এ প্রশ্নে তিনি বলেছিলেন, “হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।”
এ ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কমিটিতে রয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. বয়জার রহমান ও উপপরিচালক (খামার) মো. শরিফুল হক।
ঘটনা তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ানের কাছে জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, সিংহ বের হয়ে যাওয়ার ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পশু চিকিৎসক দল তার ওপর নজরদারি চালাচ্ছে। চিড়িয়াখানা পরিদর্শন ‘সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক’ রয়েছে।”
আরও পড়ুন-