১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও ব্রাজিলের প্রধান বিচারপতির বৈঠকে আইনের শাসনে গুরুত্ব

তারা মনে করেন, নানা আইনি চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন জাতির মধ্যে বিচার বিভাগীয় আন্তঃসম্পর্ক অতীতের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক।

বাংলাদেশ ও ব্রাজিলের প্রধান বিচারপতির বৈঠকে আইনের শাসনে গুরুত্ব
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারমেন বেঞ্জামিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 12:05 AM

Updated : 26 Aug 2026, 02:18 PM

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারমেন বেঞ্জামিনের সঙ্গে বৈঠক করেছেন।

দুই প্রধান বিচারপতির মধ্যে বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিচার প্রক্রিয়া সংক্রান্ত প্রযুক্তি বিনিময়, বিচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও স্ব স্ব দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সোমবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত ন্যাশনাল হাই কোর্টি অব ব্রাজিল পরিদর্শন করেন। 

এ সময় দুই প্রধান বিচারপতি মতবিনিময় সভায় মিলিত হন বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ন্যাশনাল হাই কোর্ট অব ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারমেন বেঞ্জামিনের আমন্ত্রণে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিল সফর করছেন। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।  

সেখানে প্রধান বিচারপতি ‘এক্সচেইঞ্জ অন ম্যাটারস অব মিউচুয়েল জুডিশিয়াল ইন্টারেস্ট, পার্টিকুলারলি কনসারনিং ইন্সটিটিউশনাল রিফর্ম, এনভায়রনমেন্টাল জাস্টিস, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশান ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব জাস্টিস’ শীর্ষক একটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাজিলে সফররত প্রধান বিচারপতি সোমবার সারা দিন বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। 

ব্রাজিলের সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুসারে ন্যাশনাল হাই কোর্টি অব ব্রাজিল সে দেশের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে ফেডারেল আইনসমূহ প্রয়োগ করে থাকে। 

ব্রাজিলের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশের প্রধান বিচারপতি। 

দুই প্রধান বিচারপতি মনে করেন, নানা আইনি চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন জাতির মধ্যে বিচার বিভাগীয় আন্তঃসম্পর্ক অতীতের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। 

আলোচনায় উভয় দেশের মধ্যে বিচার প্রক্রিয়া সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।