১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এবারও জুনে এইচএসসি পরীক্ষা নেওয়ার ভাবনা

“মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বলা যাবে—কবে থেকে এ পরীক্ষা শুরু হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 08:48 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

আগের বছরের মতো এবারও এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে শুরুর পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো।

এ নিয়ে বোর্ড চেয়ারম্যানরা সোমবার সচিবালয়ে এক সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, জুন মাসের প্রথমার্ধে পরীক্ষা শুরুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এই চেয়ারম্যান বলেন, “আলোচনা হলে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে সম্ভাব্য সূচি মন্ত্রণালয়ে পাঠানো হবে। 

“মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বলা যাবে—কবে থেকে এ পরীক্ষা শুরু হবে।”

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুনে শুরু হয়েছিল। এবার জুনের শুরুতে পরীক্ষা আয়োজনের ভাবনা নিয়ে সোমবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন বরিশাল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকীও।

তিনি বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৭ জুন (রোববার) থেকে পরীক্ষা শুরু করা যায় কি না, তা নিয়ে সভায় কথা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

“শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে প্রস্তাবনা আকারে পাঠানো হবে খসড়া সূচি। এতে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে তা শিক্ষা বোর্ডগুলো প্রকাশ করবে।”