১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুই পূর্বসূরির পরিণতি কি ভাবায়? ‘ভয়ের কারণ’ দেখছেন না সিইসি

“আইনকানুনের মধ্যে থেকে কাজ করছি, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে কাজ করছি।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 03:06 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

দুই পূর্বসূরির মতো কোনো পরিণতির আশঙ্কা দেখছেন না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ভোটের আগের দিন বুধবার এ বিষয়ে করা এক প্রশ্নে তিনি বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে অনুযায়ী তিনি কাজ করছেন।

তিনটি ‘বিতর্কিত’ নির্বাচনের মধ্যে ক্ষমতা পাকাপোক্ত করা আওয়ামী লীগ সরকারের সময়ের দুই সিইসি বিভিন্ন অভিযোগ মাথায় নিয়ে এখন কারাগারে আছেন।

বর্তমান কমিশনের কোনো সিদ্ধান্তে বিতর্ক হলে সাবেক সিইসি কে এম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালের ওই পরিণতির কথা সামনে আনেন অনেকেই। ভোটের আগের দিন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়েও ওঠে সে কথা।

সেখানে এক বাংলাদেশি সাংবাদিক জানতে চান, সাবেক দুই সিইসির পরিস্থিতি বর্তমান সিইসিকে ‘কেমন ভাবায়’?

উত্তরে নাসির উদ্দিন বলেন, “এখানে যে ব্রিফিং দিচ্ছি, তার সঙ্গে এটা প্রাসঙ্গিক না, তার পরও বলি। আমরা যা করেছি এই পর্যন্ত, জাতির কাছে যে ওয়াদা দিয়েছি—একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেব আমরা। 

“সে লক্ষ্যে কাজ করছি এবং আইনকানুনের মধ্যে থেকে কাজ করছি, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে কাজ করছি এবং আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতিকে দৃষ্টিতে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এ কারণে আমাদের ভয়ের কোনো কারণ নাই।”