১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাম: এক দিনে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত ১৪৩ জন

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ভাইরাসজনিত ছোঁয়াচে এ রোগে ৪৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 07:51 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

দেশে গত এক দিনে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও সাত শিশু।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ভাইরাসজনিত ছোঁয়াচে এ রোগে ৪৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে ২১৬ জন মারা গেছে বলে রোববার নিয়মিতে বুলেটিনে বলা হয়েছে।

নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত সবচেয়ে বেশি ২৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। তারপরেই আছে বরিশাল, সেখানে মারা গেছে পাঁচজন।

অন্যদিকে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১০২ জন ঢাকায় মারা গেছে; রাজশাহী বিভাগে মারা গেছে ৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৩ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ১ হাজার ৪২১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৯ জন। সবচেয়ে বেশি ৪০৪ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৮ জন ভর্তি হয়েছে রংপুরে।

সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৮। এদের মধ্যে ৪ হাজার ৬০৩ জনের হাম শনাক্ত হয়েছে।

এদিকে গেল ২০ এপ্রিল থেকে সারাদেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের কর্মসূচি শুরু হয়েছে। যার মাধ্যমে দেশের ৮ বিভাগে এ পর্যন্ত ৭৩ লাখ ৭৬ হাজার ৯৯৫ জন শিশু টিকা পেয়েছে। 

এ ছাড়া দেশের ১২টি সিটি করপোরেশনে ১১ লাখ ৩৫ হাজার ১৭২ জন শিশু টিকা পেয়েছে।