গণহত্যার বিচার নিয়ে কোনো প্রশ্ন থাকবে না: প্রধান কৌঁসুলি
ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠনে সরকারের প্রতি আহ্বান রাখেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সংগঠিত ‘গণহত্যার’ বিচার নিয়ে বিশ্বের কেউ প্রশ্ন তুলতে পারবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মুহাম্মদ তাজুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, রাজধানীতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার আগে করা হবে। অগ্রাধিকারে রয়েছে রংপুরের সাঈদ হত্যাকাণ্ডের বিচার।
“শুধু তাই নয়, বিচারটি এমনভাবে করা হবে, যাতে এ বিচার নিয়ে দেশে-বিদেশে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ না থাকে।”
সরকারের কাছে ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, “শহীদ এরা যারা জীবন দিয়েছেন, যারা চোখ হারিয়েছেন, পা হারিয়ছেন-জীবনের অনেক কিছু তারা হারিয়েছেন। এই সব মানুষের প্রতি এই জাতির একটা দায়বদ্ধতা আছে যে বিচারটা তাদের করা দরকার।
”সেই বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। আমাদের তদন্ত সংস্থাকে ওই অপরাধের তথ্য-উপাত্ত বের করতে হবে। যেগুলো সবচেয়ে বেশি সেনসিটিভ, সেগুলোকে আমরা প্রথমে নিয়ে আসব এবং সেগুলোর তদন্ত আগে শেষ করার চেষ্টা করব।”
