Published : 06 May 2026, 09:00 PM
মালয়েশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এখন ‘অনেকটা সুস্থ বোধ করছেন’ বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।
বুধবার রাতে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন ওনার অবস্থা অনেক ভালো। উনি অনেকটাই সুস্থ বোধ করছেন।
“শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। প্রতিদিন ওনাকে (মির্জা আব্বাস) থেরাপি দেওয়া হচ্ছে।”
মির্জা আব্বাসের জন্য দেশবাসী ও প্রবাসী সবার কাছে দোয়া চেয়েছেন আফরোজা।
অসুস্থ হওয়ার পর এ প্রথম সমাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসের একটি ছবিও পোস্ট করা হয়েছে, তাতে দেখা যায় হুইল চেয়ারে বসে আছেন সাবেক এই মন্ত্রী। তার পাশে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস এবং ছোট ভাই মির্জা খোকনসহ তার পরিবারের সদস্যরা।
আফরোজা আব্বাস বলেন, “এই ছবিটি আজকেই তোলা।”
সিঙ্গাপুরে চিকিৎসার পর গেল ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে ফিজিও থেরাপির জন্য মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম দ্রুত মির্জা আব্বাসের মতিষ্কে অস্ত্রোপচার করে।
তার পর ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয়। সেখানে টানা একমাসের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তিনি।
পরে চিকিৎসকদের পরামর্শে ফিজিও থেরাপির জন্য মির্জা আব্বাসকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়।