Published : 13 Aug 2026, 07:14 PM
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ছয় মাসে পুলিশ নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানো বা দলীয়করণ করা হয়নি বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার কমিটির প্রথম বৈঠক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। জয়নুল অবেদীন এই কমিটির সভাপতি।
সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের নানা দিক তুলে ধরা হয়। বৈঠকে বলা হয়, “কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।”
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয় বৈঠকে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম এক প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সামনে উপস্থাপন করা হয়।
বৈঠকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে মাদক ও জুয়াকে চিহ্নিত করে তা নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সব সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিতে রয়েছেন তথ্য দিয়ে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরো কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয় বৈঠকে। বলা হয়, “মাদক নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট খাতভিত্তিক বিভাজন ও ব্যয় পরিকল্পনা এবং ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের অধীন সব সংস্থার বাজেট ও ব্যয় বিভাজন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিটির সামনে উপস্থাপন করা হয়।
বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে বলা হয়, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ০৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।”
বৈঠকে কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মীর শাহে আলম, মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, নুরুল ইসলাম এবং আব্দুল বাতেন অংশগ্রহণ করেন।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালক, নিরাপত্তা সংস্থাগুলোর প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।