১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অবৈধ’ বাংলাদেশি অভিবাসী নিয়ে ইউরোপীয় কমিশনের উদ্বেগ

অবৈধ অভিবাসন রোধে কাজ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন।

‘অবৈধ’ বাংলাদেশি অভিবাসী নিয়ে ইউরোপীয় কমিশনের উদ্বেগ
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বুধবার সাক্ষাৎ করেন ইউরোপীয় কমিশনের অভিবাসন ও সুরক্ষা বিষয়ক পরিচালক মিশায়েল শটার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 06:47 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

ইউরোপের দেশগুলোতে অভিবাসনবিরোধী আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ক্রমাগত বাড়ার তথ্য দিয়েছেন ইউরোপীয় কমিশনের অভিবাসন ও সুরক্ষা বিষয়ক পরিচালক মিশায়েল শটার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাতে আভ্যন্তরীণ সেই চাপের কারণে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

অবৈধ অভিবাসন রোধে কাজ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান ইউরোপীয় কমিশনের এ কর্মকর্তা।

স্বরাষ্ট্র উপদেষ্টা সেসময় সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউ’র সহযোগিতা প্রত্যাশা করলে বিষয়টি নিয়ে একসঙ্গে কাজ করার আশ্বাসও দেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সাক্ষাতে অভিবাসন ছাড়াও মানব পাচার, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও সীমান্ত সুরক্ষা এবং দ্বি-পাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইউরোপীয় ইউনিয়ন আমাদের উন্নয়ন অংশীদার ও পরীক্ষিত বন্ধু। আমাদের শ্রমশক্তির একটি বিশাল অংশ ইইউভুক্ত দেশে কাজ করছে। আমরা সবসময় বৈধভাবে দক্ষ ও স্বল্পদক্ষ শ্রমিক পাঠাতে চেষ্টা করছি।”

বাংলাদেশ থেকে দক্ষ, স্বল্প দক্ষ ও অদক্ষ শ্রমিক নেওয়ার জন্য তিনি মিশায়েল শটারকে অনুরোধ জানান।

ক্ষমতার পালাবদলের পরিবর্তিত পরিস্থিতিতে দেশে পুলিশ সংস্কারের কাজ চলার তথ্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মানব পাচার রোধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন বৈঠকে।

“অবৈধ অভিবাসন, মানব পাচার এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাংলাদেশ কাজ করছে। ইতোমধ্যে মানব পাচার সিন্ডিকেটের কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে,” বলেন তিনি।

মানব পাচার সংক্রান্ত আইনের প্রয়োজনীয় সংশোধন করার কথাও বলেন উপদেষ্টা। 

সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন।