Published : 20 Oct 2025, 10:50 PM
ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন সময়ে ওএসডি করা নয়জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার।
সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ফরিদ উদ্দিন আহমদ, এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম রয়েছেন এই তালিকায়।
চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী তাদেরকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠানোর কথা বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে।
সেখানে বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন।
সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৫ ধারায় বলা হয়েছে- কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হবার পর যে কোনো সময় সরকার ‘জনস্বার্থে প্রয়োজন মনে করলে’ কোনো রকম কারণ না দেখিয়ে চাকরি থেকে অবসর দিতে পারবে।
সিনিয়র সচিব মনজুর হোসেন সবশেষ সেতু বিভাগের সচিবের পাশাপাশি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ছিলেন।
মশিউর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিবের পদ থেকে ওএসডি করা হয়েছিল।
আর মো. সামসুল আরেফিন সবশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ছিলেন। সেখান থেকে তিনি ওএসডি হয়েছিলেন।
মো. আজিজুর রহমান ওএসডি হওয়ার আগে ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব। তারও আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ পদে কর্মরত ছিলেন।
সচিব মো. নূরুল আলম ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব। সেখান থেকে তাকে ওএসডি করা হয়েছিল।
ফরিদ উদ্দিন আহমেদ ওএসডি হওয়ার আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ছিলেন।
এ কে এম মতিউর রহমান ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু দুই দিনের মাথায় তাকে ওএসডি করা হয়।
সচিব শফিউল আজিমকে গত ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবের পদ থেকে ওএসডি করা হয়।