১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্ব অর্থনৈতিক ফোরামের কাউন্সিলে আমন্ত্রণ পেলেন ব্র্যাকের আসিফ সালেহ্

কাউন্সিলের সদস্য হিসেবে তিনি বৈশ্বিক বিশেষজ্ঞদের একটি দলের সঙ্গে ২০২৫–২০২৬ মেয়াদে কাজ করবেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের কাউন্সিলে আমন্ত্রণ পেলেন ব্র্যাকের আসিফ সালেহ্
আসিফ সালেহ্।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 12:46 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্লোবাল ফিউচার কাউন্সিল অন রিইমাজিনিং এইড’-এ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্।

কাউন্সিলের সদস্য হিসেবে আসিফ সালেহ্ বৈশ্বিক বিশেষজ্ঞদের একটি দলের সঙ্গে ২০২৫–২০২৬ মেয়াদে কাজ করবেন বলে বুধবার ব্র্যাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সেখানে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সহায়তা কার্যক্রম কীভাবে আরও কার্যকর উপায়ে পরিকল্পনা, বাস্তবায়ন ও টেকসই করা যায়, তা নতুন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হবে। এই কাউন্সিল এমন উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ধারণাকে প্রাধান্য দেবে, যা স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করবে। সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করবে। সেইসঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করবে।”

‘গ্লোবাল ফিউচার কাউন্সিল অন রিইমাজিনিং এইড’ ডব্লিউইএফের ‘গ্লোবাল ফিউচার কাউন্সিল নেটওয়ার্কের’ অংশ, যা বিশ্বের গুরুত্বপূর্ণ জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম। এই নেটওয়ার্কে ৩৭টি ভিন্ন ক্ষেত্রের ৭০০ এর বেশি বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন।

প্রতিটি কাউন্সিল নির্দিষ্ট সময়ের জন্য থিংক ট্যাঙ্ক হিসেবে কাজ করে, যেখানে সরকার, ব্যবসা-বাণিজ্য, অ্যাকাডেমিয়া, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিরা একত্রিত হয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যতমুখী নীতি ও পরিকল্পনা প্রণয়নে কাজ করেন।

আসিফ সালেহ্ বলেন, “ব্র্যাকের পাঁচ দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা প্রমাণ করেছে, স্থানীয় মানুষের নেতৃত্বাধীন সমাধানই সবচাইতে কার্যকর। আমি ব্র্যাকের অভিজ্ঞতা বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ভাগ করে নিতে চাই।

“একইসঙ্গে তাদের অভিজ্ঞতা থেকে শিখে সহায়তা কার্যক্রমের জন্য এমন এক কাঠামো তৈরি করতে চাই, যা হবে ন্যায়সংগত, টেকসই এবং জনমানুষের চাহিদা ও আকাঙ্ক্ষার প্রতিফলন।”