১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সায়েন্স ল্যাব মোড়ে বদরুন্নেসা ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীরা দাবি করছেন, সাত সরকারি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করা হলে ঐতিহ্যবাহী কলেজগুলো ‘অস্তিত্ব সংকটে পড়বে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 12:46 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে আধাঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার বেলা ১১টায় তারা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে সায়েন্স ল্যাব মোড় আটকে দেন। এ সময় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এসময় 'তুমি কে আমি কে ইন্টার ইন্টার'-স্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১১টায় তারা মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান। 

নিউমার্কেট থানার ওসি মাহফুজুল হক সাড়ে এগারোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা ১১টার দিকে সায়েন্স ল্যাব মোড় আটকে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আমরা বুঝিয়ে বললে সাড়ে ১১টায় তারা সড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে যান। 

“তারা কলেজের স্বকীয়তা রক্ষার দাবি জানিয়েছেন।”

শিক্ষার্থীরা দাবি করছেন, সাত সরকারি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করা হলে ঐতিহ্যবাহী কলেজগুলো ‘অস্তিত্ব সংকটে পড়বে’। 

কলেজগুলোর উচ্চমাধ্যমিক পর্যায় বিলুপ্ত হওয়ার শঙ্কা প্রকাশ করে তারা এ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ থেকে সড়ে আসতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। 

রাজধানীর সাত কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া চলছে। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাঠামো প্রস্তাব করে গত ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করে অংশীজনদের মতামত চায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত ৯ অক্টোবর পর্যন্ত ইমেইলে ও সরাসরি মতামত সংগ্রহ করা হয়।

রোববার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে ৬ হাজারেরও বেশি মতামত পাওয়া গিয়েছে।  

বর্তমানে মতামতগুলো সংকলন ও বিশ্লেষণের কাজ চলছে বলে তুলে ধরে মন্ত্রণালয় বলছে, এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট সুশীল সমাজের প্রতিনিধিসহ অংশীজনের সাথে শিগগিরই ধারাবাহিক পরামর্শ সভা আয়োজন করা হবে। 

‎ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের কার্যক্রম যখন চলছে, তখন কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে আন্দোলন চালানো শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়েছেন। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিশিক্ষার্থীদের ৪ দাবি

এদিকে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকে পর্যায়ের শিক্ষার্থীরা রোববার সকালে সায়েন্সল্যাব এলাকায় মিছিল ও কয়েক মিনিট সড়ক অবরোধ করে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির স্বকীয়তা রক্ষার দাবি জানিয়েছেন। 

সোমবার তারা মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে একই দাবিতে বিক্ষোভ করেছেন।

আর কলেজগুলোর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরা স্কুলিং সিস্টেমে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি গঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।