মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের তালিকা
আহতদের মধ্যে চারজনের পরিচয় এখনো মেলেনি।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় হালনাগাদ করা তালিকা অনুযায়ী, এ সময় পর্যন্ত নিহতের সংখ্যা ২৭ জনই রয়েছে। তবে চিকিৎসাধীন ব্যক্তির সংখ্যা কমে ৭০ জন হয়েছে।
তাদের মধ্যে ৪৩ জনের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে, বাকি ২৩ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। এই ৭০ জনের মধ্যে ৪০ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক, ১৫ সেনা সদস্য এবং একজন করে পুলিশ, দমকলকর্মী, স্কুল স্টাফ, গৃহকর্মী ও ইলেক্ট্রিশিয়ান রয়েছে। এছাড়া পরিচয় শনাক্ত না হওয়া চারজন রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী সায়েদুর রহমান জানান, তখন পর্যন্ত ২৭ জন নিহত এবং ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নিহত ২৭ জনের মধ্যে ২৩ জনই শিশু। এর বাইরে পাইলট, শিক্ষক, অভিভাবকসহ চারজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২০ জনের লাশ হস্তান্তর করার তথ্য দেওয়া হয়েছে তালিকায়।
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে সার্ধশতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
