Published : 29 Mar 2026, 07:53 PM
রাজধানীর মিরপুরে ‘মব’ তৈরি করে আরএস ফাহিম চৌধুরী নামে এক কন্টেন্ট নির্মাতাকে পুলিশে দিয়েছে একদল লোক।
রোববার বিকেলে মিরপুর চিড়িয়াখানার ফটকে ওই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে ফেইসবুকে।
সেখানে দেখা যায় একটি সাদা হোন্ডা এসইউভিতে থাকা ফাহিমকে ঘিরে রেখেছে কয়েকজন তরুণ-যুবক। তাদের কয়েকজন গাড়িটির বনেট ও ছাদেও উঠে পড়েছেন।

গাড়ির সামনে শুয়ে পড়তে দেখা যায় একজনকে। এসময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’- এসব স্লোগান দিতে থাকেন।
এরপর শাহ আলী থানার একটি পিকআপ ঘটনাস্থলে আসে। পুলিশ সদস্যরা সেই গাড়ির মাঝের আসনে ফাহিমকে বসিয়ে থানার দিকে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “ফাহিমকে চিড়িয়াখানার সামনে জনতা আটকে রেখেছিল। সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”