Published : 10 May 2026, 02:17 PM
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মত সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন বলে সভায় জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে রোববার এই বৈঠক অনুষ্ঠিত হয়; সেকানে গোপালগঞ্জের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সভায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
সভায় গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, কে এম বাবর এবং এস এম জিলানী উপস্থিত ছিলেন।

সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদার কথা তুলে ধরেন এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।
সভায় সচিব বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মত সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে জেলার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে।”
সভায় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো বিস্তারিত তুলে ধরা হয়। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে শহীদুল হাসান প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল, কার্যকর এবং সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনার পরামর্শ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মো. আবদুল আউয়াল, গোপালগঞ্জ জেলার নির্বাহী নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক এবং গোপালগঞ্জ জেলায় চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।